বিজ্ঞানের প্রতি ছাত্রদের আগ্রহের সুফল পাচ্ছে জাতি : প্রধানমন্ত্রী

১৬ জুলাই, ২০২৩ ১৩:০৬  

প্রধারমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যখন ১৯৯৬ সালে ক্ষমতা আসি তখন দেখি বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কম। বিজ্ঞান শিক্ষার জন্য আলাদা কোনো বরাদ্দ ছিল না। ১৯৯৬ সালে যখন ক্ষমতায় আসলাম তখন এসেই ১২ কোটি টাকা বরাদ্দ দিলাম কৃষি গবেষণা খাতে। ১০০ কোটি টাকা বরাদ্দ রাখলাম শুধু বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা খাতে। ১৯৯৬ সালে এসে কম্পিউটার শিক্ষার ওপর জোর দিলাম। কারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলে বিজ্ঞানের প্রতি ছাত্রদের আগ্রহ বাড়বে বলে আমি বিশ্বাস করেছিলাম। সেসময় ১২ বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আইন পাস করে দিলাম। এসব বিশ্ববিদ্যালয়ে পড়লে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। আজ সেটার সুফল জাতি পাচ্ছে।

রোববার (১৬ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অধ্যক্ষ সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ১০ হাজার কম্পিউটার কিনতে নেদারল্যান্ডস সরকার অনুদান দেয়। সেসময় ১০ হাজার কম্পিউটার কিনে শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া শুরু করলাম। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর খালেদা জিয়া শুনলেন- নেদারল্যান্ডের এই কোম্পানির নাম টিউলিপ। টিউলিপ নাম শুনেই তিনি রেগে গেলেন। আমার ছোট বোন রেহেনার মেয়ের নাম টিউলিপ। খালেদা জিয়া মনে করলেন এই কোম্পানি নিশ্চয়ই শেখ রেহেনার। এটা শুনে তিনি কম্পিউটার কেনা বাতিল করে দিলেন। এরপর টিউলিপ কোম্পানি মামলা করে পরবর্তীতে ৬০ কোটি টাকা জরিমানাও দিতে হলো। বিএনপি জামায়াত মানুষ শিক্ষিত হউক সেটা হয়ত চায় না।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। আমাদের জনসংখ্যা হিসাব করে, মানুষের কর্মদক্ষতা যেন বৃদ্ধি পায়, সেদিকে তিনি দৃষ্টি দিতেন। ১৯৭৩ সালে সংসদে বিশ্ববিদ্যালয় আইন পাস করেন। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসনও দিয়েছেন বঙ্গবন্ধু।’

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯১ সালে যখন আমাদের এ অঞ্চলে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যখন সাবমেরিন ক্যাবল সংযুক্ত হচ্ছে। তখন একটি প্রস্তাব আমরা পেয়েছিলাম, বাংলাদেশ বিনা পয়সায় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হতে পারবে। সেসময় ক্ষমতায় খালেদা জিয়া। তিনি বলে দিলেন সংযুক্ত করা যাবে না। দেশের সব সিক্রেসি নাকি আউট হয়ে যাবে। সিক্রেসিটা কী, আউট বা কীভাবে হবে, সেটা আমরা জানি না। এরকম মানসিকতা নিয়ে আমাদের দেশ চলছে। কত পেছনে আমরা পিছিয়ে ছিলাম।